ঢাকা সংযোগ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে মানববন্ধন

ঢাকা, ১২ মে ২০২৬: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন এবং শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের অনুদান দ্রুত ছাড়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় রাজধানীর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি। সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মুফতি আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মো. শামছুল আলম, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বশিরউল্লাহ আতাহারী, মুখপাত্র মো. রাকিবুল ইসলামসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক ২০২৫ সালের ১০ আগস্ট শূন্য পদে নিয়োগপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের অনুদান ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও প্রায় ১০ মাস অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত কোনো অনুদান ছাড় করা হয়নি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও বলেন, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্বীকৃতি প্রদান করলেও আজ পর্যন্ত একটি মাদরাসাও এমপিওভুক্ত হয়নি। শিক্ষকদের নেই বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা। ফলে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে এবং মেধাবী শিক্ষকরা এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

বক্তারা দাবি করেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ও এমপিওভুক্ত করার ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে জানুয়ারি ২০১৬ থেকে মে ২০২৬ পর্যন্ত অনুমোদিত শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া অনুদান অবিলম্বে ছাড়ের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২০ মে ২০২৬ এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি, মানববন্ধন এবং ঈদ উৎসব বর্জনের কর্মসূচি পালন করা হবে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *