
কেশবপুরে জুলাই শহীদ তৌহিদের কবর জিয়ারত, পরিবারের পাশে ১১ দলীয় ঐক্যজোট
শহীদদের আত্মত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এমপি অধ্যাপক মো. মোক্তার আলী
আলী হামজা | কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মহান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তৌহিদুর রহমান (রানা)-এর কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে ১১ দলীয় ঐক্যজোট, যশোর জেলা। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। তিনি শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
এ সময় তিনি বলেন, “মহান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং গণমানুষের বাংলাদেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামান, জেলা শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ওলামা সম্পাদক মুফতি মাসুদুর রহমান, জেলা কমিটির সদস্য মুফতি রাশেদুল ইসলাম, এলডিপির জেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুর রহমান, সেক্রেটারি রফিকুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়ক মো. সম্রাট হোসেনসহ ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে শহীদ তৌহিদুর রহমান (রানা)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




















আপনার মতামত লিখুন :