
কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ বিনষ্ট
আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে গোপনে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে লিয়াকত আলী (৬৫) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে জব্দ করা প্রায় ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার একটি মাছের খামারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলীকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে খামার থেকে প্রায় ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরবর্তীতে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে মাছগুলো গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আফ্রিকান মাগুর মাছ চাষ, উৎপাদন বা বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।




















আপনার মতামত লিখুন :